ধামরাইয়ে তিন কেজি সোনাসহ তিনজন আটক
ঢাকার ধামরাইয়ে প্রায় সাড়ে তিন কেজি সোনাসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গাগামী একটি বাস থেকে পুলিশ তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন: চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসিবুল (৩০) এবং জীবননগর উপজেলার এনামুল হক (২৫) ও সেকেন্দার আলী (২৫)।
ধামরাই থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল দুপুরে ধামরাইয়ের কেলিয়া এলাকায় অবস্থান নেয়। প্রাপ্ত তথ্যানুযায়ী বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গাগামী চিত্রা পরিবহনের একটি বাস থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৩০টি সোনার বার পাওয়া যায়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, পাচারকারীদের প্রত্যেকের কোমরে ১০টি সোনার বার প্যঁাচানো ছিল। প্রতিটি বারের ওজন প্রায় ১১ ভরি। এই হিসাব অনুযায়ী উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় সাড়ে তিন কেজি বা ৩৩০ ভরি। যার বর্তমান বাজারমূল্য এক কোটি ৬০ লাখ টাকার ওপরে।
সোনাসহ আটক হাসিবুল ও এনামুল হক জানান, সোনার চালানটি তাঁদের চুয়াডাঙ্গার দর্শনায় পৌঁছে দেওয়ার কথা ছিল। সেখান থেকে সীমান্ত এলাকা হয়ে অন্য একটি দলের তা ভারতে পাচার করার কথা ছিল।