ধামরাইয়ে দুই ছাত্রী ধর্ষণের শিকার
ঢাকার ধামরাইয়ে গত সোমবার রাতে দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হয়েছে। পুলিশ চার তরুণকে গ্রেপ্তার করেছে।
ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ হেফাজতে দুই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুই ছাত্রী পরস্পরের বান্ধবী। তাদের একজন সপ্তম ও অন্যজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। দুজনেই পরিবারের সঙ্গে সাভার পৌর এলাকায় থাকে।
সপ্তম শ্রেণির ছাত্রী বলে, সোমবার বিকেল চারটার দিকে সে তার বান্ধবীর (ষষ্ঠ শ্রেণির ছাত্রী) বাসায় যায়। সেখান থেকে ওই বান্ধবী তাকে স্থানীয় মেলায় নিয়ে যায়। মেলায় যাওয়ার পর বান্ধবী তার এক বন্ধুসহ আরও এক তরুণের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়। এরপর বেড়ানোর কথা বলে তারা (দুই তরুণ) তাদের (দুই ছাত্রী) বংশী নদীর তীরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার একটি হাউজিংয়ে নিয়ে যায়। সেখানে দুই তরুণ মুঠোফোনে আরও ছয় তরুণকে ডেকে আনে। কথা বলার একপর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তরুণেরা তাদের ভয়ভীতি দেখিয়ে হাউজিংয়ের ভেতরে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর দুজন (দুই তরুণ) তাকে ও অন্য একজন তার বান্ধবীকে ধর্ষণ করে। একপর্যায়ে অন্যরাও তাদের ধর্ষণের চেষ্টা করে। কিন্তু তাদের চিৎকারে তারা পালিয়ে যায়।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মা বলেন, সোমবার বিকেলে সপ্তম শ্রেণির ছাত্রী তাঁদের বাসায় যায়। এরপর এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে দুজন বাসা থেকে বের হয়। রাত আটটা পর্যন্ত তারা (দুই ছাত্রী) বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বের হন। রাত ১১টা পর্যন্ত আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন বান্ধবীর বাসায় খোঁজখবর নিয়েও দুজনের সন্ধান পাওয়া যায়নি। রাত ১২টার দিকে সাভার মডেল থানা থেকে তাঁর (ছাত্রীর মা) মুঠোফোনে ফোন আসে। তাৎক্ষণিকভাবে থানায় গিয়ে তিনি মেয়ে ও মেয়ের বান্ধবীকে বসে থাকতে দেখেন। এরপর ঘটনা শুনে স্বজনদের জানান।
মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, সপ্তম শ্রেণির ছাত্রীর মা বাদী হয়ে গতকাল ধামরাই থানায় মামলা করেন। মামলায় আট তরুণকে আসামি করা হয়েছে। মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দীপক চন্দ্র আরও বলেন, এর আগে সাভার মডেল থানার মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতেই দুই কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার তরুণকে আটক করা হয়। কাল (আজ বুধবার) তাঁদের আদালতে হাজির করা হবে।