ধামরাইয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগ
ঢাকার ধামরাইয়ের চৌটাইল গ্রাম থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার আজিমন্নেছা নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
নিহত আজিমন্নেছা (৬৫) চৌটাইল গ্রামের মৃত জয়নাল মোল্লার স্ত্রী। তিনি নিজ বাড়িতে একা বসবাস করতেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ প্রতিবেশী নাজিম উদ্দিনের স্ত্রী বিউটি বেগম ও তাঁর বোন কাজলী আক্তারকে আটক করেছে। নাজিম উদ্দিন পলাতক।
ধামরাই থানার পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ গতকাল বিকেলে ঘটনাস্থলে যায়। এরপর ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
আজিমন্নেছার মেয়ে ময়না আক্তার বলেন, দীর্ঘদিন ধরে নাজিম উদ্দিনের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ ছিল। গত ২৫ নভেম্বর ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে নাজিম উদ্দিন তাঁর মাকে মারধর করেন। এ বিষয়ে তাঁর মা ওই দিনই ধামরাই থানায় নাজিমের বিরুদ্ধে জিডি করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাজিম তাঁর মাকে হত্যা করে গা ঢাকা দিয়েছেন। ময়না আরও বলেন, এর আগেও নানা অজুহাতে নাজিম একাধিকবার তাঁর মাকে মারধর করেন।
স্থানীয় কুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) মহিলা সদস্য সালমা বেগম বলেন, প্রায় ৩০ বছর আগে আজিমন্নেছার স্বামী জয়নাল মোল্লা মারা যান। তাঁর ছয় মেয়ে ও এক ছেলে। তাঁদের কেউ বাড়িতে থাকেন না। আজিমন্নেছা একাই বাড়িতে থাকতেন। এ সুযোগে নাজিম তাঁকে এলাকাছাড়া করার পাঁয়তারা করছিলেন। এ নিয়ে তাঁরা এলাকায় একাধিকবার সালিসও করেছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, নিহত বৃদ্ধার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এরপরও নাজিম উদ্দিনের সঙ্গে বিরোধ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী ও বোনকে আটক করা হয়েছে। পলাতক থাকায় নাজিমকে আটক করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।