ধামরাইয়ে ব্যবসায়ী, গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলা ও গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে গতকাল শনিবার দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধামরাইয়ে উদ্ধার হওয়া লাশটি দেখে ফেরার পথে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি।
ধামরাইয়ের বাস্তা চৌরাস্তার অদূরে একটি খালের পাশ থেকে গতকাল সকালে আবু বক্কর (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি ধামরাইয়ের নয়াচরের কফিল ব্যাপারীর ছেলে। লেবু ও জমি কেনাবেচার ব্যবসা ছিল তাঁর।
আবু বক্করের বাবা কফিল ব্যাপারী বলেন, গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে বাস্তা চৌরাস্তা এলাকায় ছেলের সঙ্গে তাঁর দেখা হয়। এরপর রাত নয়টায়ও ছেলের সঙ্গে মুঠোফোনে তাঁর কথা হয়। এর পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
পাশের জেঠাইল গ্রামের রফিজ উদ্দিন বলেন, আবু বক্করের লাশ দেখে তাঁদের এলাকার আমিনুর রহমান (৪৫) বাড়ি ফেরার পথে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আমিনুর জেঠাইল গ্রামের করিম বক্সের ছেলে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, আবু বক্করকে শ্বাসরোধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এদিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর খোলাপাড়া এলাকা থেকে গতকাল সকাল সাতটার দিকে মিঠু (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় আফসার আলীর ছেলে।
পুলিশ জানায়, বাড়ির পাশের একটি গাছে গলায় রশি বাঁধা ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মিঠু মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় রাতেই তিনি বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার ফিরে আসতেন বলে তাঁর পরিবার জানিয়েছে। কিন্তু শুক্রবার রাতে তিনি বের হয়ে আর ফিরে আসেননি। সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।