ধামরাইয়ে মারধরে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে গতকাল রোববার মারধরে এক ব্যক্তি মারা গেছেন। অভিযোগ উঠেছে, নেশার টাকা না পেয়ে এক ব্যক্তি তাঁকে মারধর করেন।
নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (৩৮)। তিনি ধামরাইয়ের পশ্চিম সূত্রাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি এলাকায় কাপড় সেলাইয়ের কাজ করতেন।
ধামরাই থানার পুলিশ ও নিহত মাসুদ রানার পরিবারের সদস্যরা বলেন, মাসুদের স্ত্রী শাহেদা ধামরাই শহরে এক পোশাক কারখানায় কাজ করেন। তাঁকে প্রতিদিন কাউলিয়াপাড়ায় গিয়ে বাসে তুলে দিতেন মাসুদ। যাওয়া-আসার পথে মাসুদের কাছে পাশের দুনিগ্রাম গ্রামের ইসরাফিল (২৫) টাকা চাইতেন। ইসরাফিল মাদকাসক্ত। কিন্তু মাসুদ তাঁকে টাকা দিতেন না। গতকাল স্ত্রীকে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে ভোর সাড়ে পাঁচটার দিকে দুনিগ্রামে ইসরাফিল তাঁর গতিরোধ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করেন ও টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে ইসরাফিল পালিয়ে যান।
নিহত ব্যক্তির চাচাতো ভাই আবু তাহের বলেন, বাড়ি যাওয়ার পর মাসুদ অচেতন হয়ে পড়েন। এরপর চিকিৎসার জন্য তাঁকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল নয়টার দিকে তিনি মারা যান।