ধামরাইয়ে রথযাত্রার মেলায় চলছে অবৈধ র্যা ফল ড্র
ঢাকার ধামরাই থানার যাত্রাবাড়ী এলাকার রথযাত্রা মেলায় অবৈধভাবে র্যা ফল ড্রয়ের আয়োজন করা হয়েছে। ড্রয়ের কুপন বিক্রির নামে আয়োজকেরা প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরীফুল ইসলাম বলেন, মাঝে একদিন কুপন বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু নানা পক্ষের তদবিরে আবার তা চালুর অনুমতি দেওয়া হয়। তবে দুই-একদিনের মধ্যেই পুনরায় কুপন বিক্রি বন্ধে উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব উপলক্ষে ধামরাই শহরের মূল সড়ক ও যাত্রাবাড়ীর মাঝামাঝি এলাকায় মেলা বসেছে। মেলা চলছে ১৫ দিনের বেশি সময় ধরে। মেলা প্রাঙ্গণেই ‘উল্লাস র্যা ফেল ড্র’ নামে মঞ্চ তৈরি করা হয়েছে। দিনভর কুপন বিক্রির পর প্রতিদিন রাতে ওই মঞ্চে ড্র অনুষ্ঠিত হয়। এরপর মাইকে ঘোষণা দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। গত শুক্রবার মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়। গতকালও মোটরসাইকেল দেওয়ার ঘোষণা দিয়ে কুপন বিক্রি করা হয়।
মেলা ও কুপন বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলার আয়োজকদের মোটা অঙ্কের টাকা দিয়ে সুমন মিয়া নামের এক ব্যক্তি ওই কুপনের আয়োজন করেছেন। প্রতিদিন ভোরে অর্ধশতাধিক রিকশা নিয়ে কুপন বিক্রি করতে বের হন সুমনের লোকজন। মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, টাকাসহ নানা ধরনের আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়ে তাঁরা সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের ১৭টি ইউনিয়নে প্রচারণা চালান। তাঁরা পাশের আশুলিয়া ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকাতেও যান। প্রতিটি কুপন ২০ টাকা করে বিক্রি হয়। প্রতিদিন ৫০ থেকে ৬০ লাখ টাকার কুপন বিক্রি হয়ে থাকে।
ধামরাইয়ের জগৎনগর গ্রামের কাউসার আহাম্মেদ গত শুক্রবার ১০০টি কুপন কিনেছিলেন। কিন্তু একটি পুরস্কারও পাননি। তিনি বলেন, এটা অনেকটা জুয়ার নেশার মতো। মোটরসাইকেল ও ফ্রিজের লোভে তিনি প্রতিদিনই কুপন কেনেন। কিন্তু একদিনও বিজয়ী হতে পারেননি।
সোমভাগের ইমরান হোসেন বলেন, ‘যেভাবে প্রচারণা চালায়, তাতে লোভ সামলানো যায় না। এ কারণে প্রতিদিনই একাধিক কুপন কিনে লটারিতে অংশ নিই।’
একজন কুপন বিক্রেতা বলেন, গতকাল তিনি প্রায় ২ লাখ টাকার কুপন বিক্রি করেন। এ কাজের জন্য তাঁদের নিয়মিত পারিশ্রমিক দেওয়া হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ‘এসব কুপন বিক্রি ও ড্রয়ের মাধ্যমে পুরস্কার দেওয়া অবৈধ কি না, তা আমার জানা নেই। আর প্রশাসন থেকেও কুপন বন্ধের বিষয়ে কিছু বলা হয়নি।’