ঢাকার ধামরাইয়ে গত বৃহস্পতিবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের দাবি, নিহত মাসুক ধামরাই পৌরসভার বাজার রোডের নির্মাণাধীন একটি ভবনের তিনতলার একটি ফ্ল্যাটে থাকতেন। তিনি ওই ফ্ল্যাটের মেঝে কেটে ভবনের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টায় ছিলেন। গ্রেপ্তার অন্যরা তাঁর সহযোগী। মাসুকের ফ্ল্যাটেই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের সবুজ (৬২), চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তরপাড়া বগুলা গ্রামের বাদশা দেওয়ান (৩৫), মুন্সিগঞ্জের শ্রীনগরের দক্ষিণ লস্করপুর গ্রামের রিয়াজুল ইসলাম (৩৩), রাজধানীর উত্তরার দক্ষিণখানের শিলা আক্তার (২৮) এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাবিবনগর গ্রামের রুমেনা বেগম (২৫)। তাঁদের সঙ্গে সাকিব (৭) নামে রুমেনার এক ছেলেও রয়েছে।
ধামরাই পৌরসভার বাজার রোডের হাজি রিয়াজ প্লাজার নির্মাণাধীন চারতলা ভবনের নিচতলায় মার্কেট। দ্বিতীয় তলায় সোনালী ব্যাংকের ধামরাই শাখা। তৃতীয় তলায় পূর্ব পাশের ফ্ল্যাটে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের কার্যালয়, মাঝের ফ্ল্যাটে লং লাইফ হেলথ কেয়ার অ্যান্ড প্রোডাক্ট সেলস সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়। আর পশ্চিম পাশের ফ্ল্যাটে থাকতেন মাসুক ও তাঁর সহযোগীরা। চারতলায় থাকেন ভবনের মালিক ও অন্য ভাড়াটিয়ারা।
র্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বন্দুকযুদ্ধে নিহত মাসুক বরিশাল ও গাজীপুরে একাধিক ব্যাংক ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। প্রযুক্তির সাহায্যে ধামরাইয়ে তাঁর সর্বশেষ অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর গোয়েন্দা তৎপরতা চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ধামরাই পৌরসভার বাজার রোডের ওই ভবনে অভিযান চালানো হয়।
মাসুদুর রহমান আরও বলেন, রাত সাড়ে তিনটার দিকে ফ্ল্যাটের দরজায় কড়া নাড়তেই বাদশা, রিয়াজুল ও সবুজ দরজা খুলে দেন। এরপর মাসুকের সম্পর্কে জানতে চাইলে তাঁরা মাসুকের কক্ষের কড়া নেড়ে তাঁকে বের করার চেষ্টা করেন। মাসুক দরজা খুলে র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি করেন। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেয়ালে লাগলে র্যাবও তাঁকে লক্ষ্য করে পাল্টা গুলি চালালে মাসুক গুলিবিদ্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ‘বন্দুকযুদ্ধের’ পর ওই ফ্ল্যাট থেকে অন্যদের গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি গুলি ভরা ম্যাগাজিন ও একটি গুলির খোসাসহ কংক্রিট এবং লোহা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাবের অধিনায়ক মাসুদুরের দাবি, ডাকাতির উদ্দেশ্যেই মাসুক কৌশলে সোনালী ব্যাংক ধামরাই শাখার ওপরে ফ্ল্যাটটি ভাড়া নেন। এরপর মেঝে কেটে ভল্ট থেকে টাকা লুটের পরিকল্পনা করেন।
সরেজমিনে দেখা যায়, ব্যাংকের ভল্ট কক্ষটির অবস্থান ভবনের উত্তর-পশ্চিম কোণে। ঠিক ওই কক্ষের ওপরে কক্ষের তিনতলার মেঝেতে দুই ফুট বাই দুই ফুটের একটি টাইলস তুলে সেখানকার রডসহ কংক্রিট প্রায় কেটে ফেলা হয়েছে। আর এক থেকে দেড় ইঞ্চির মতো কংক্রিট কাটা হলেই সেখান দিয়ে সহজেই ভল্ট কক্ষে ঢোকা যেত।
বৃহস্পতিবার রাতে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্য বিধান বিশ্বাস, রফিকুল ইসলাম ও শওকত আলী। কিন্তু তাঁরা র্যাবের ওই অভিযানের বিষয়ে কিছুই বলতে পারেননি।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী মো. সোলাইমান প্রথম আলোকে বলেন, গত দেড় মাসে তাঁরা এমন কোনো লক্ষণ পাননি যে তাঁদের ব্যাংকের ওপরের তলার মেঝে কেটে ডাকাতির চেষ্টা হচ্ছে।
র্যাবের হেফাজতে থাকা বাদশা প্রথম আলোকে বলেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ডাকাতির পরিকল্পনা করেই মাসুকের কথামতো তিনি ব্যাংকের ওপরের ফ্ল্যাটটি ভাড়া নেন। পরে অন্যরা ওই ফ্ল্যাটে আসেন। এরপর ভল্ট কক্ষে ঢোকার জন্য গত দেড় মাসে তাঁরা একটু একটু করে মেঝে কাটতে থাকেন।