ধামরাইয়ে শিক্ষক লাঞ্ছিত, কমিটির সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার পশ্চিম সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া ইয়াসমিনকে লাঞ্ছিত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে।
এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আবদুল মালেককে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার চার দিন পর করা মামলায় আবদুল মালেক ছাড়াও বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আকতার হোসেন ও কানিজ নাসিমাকে আসামি করা হয়েছে। গত সোমবার তাঁদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ফৌজিয়া ইয়াসমিন।
এলাকাবাসী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ধামরাই থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ বছর আগে সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন ফৌজিয়া ইয়াসমিন। তাঁর বাসা রাজধানীর শেওড়াপাড়ায়। ঢাকা থেকে যাতায়াত করার কারণে তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারতেন না। এ নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকতার হোসেন ও কানিজ নাসিমার সঙ্গে তাঁর দ্বন্দ্বের সূত্রপাত। একপর্যায়ে বিদ্যালয়ে রাত যাপনের সিদ্ধান্ত নেন তিনি। সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার তিনি একটি শ্রেণিকক্ষে থাকার ব্যবস্থা করেন। আকতার হোসেন ও কানিজ নাসিমা বিষয়টি বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে জানান। গত রোববার সকালে আবদুল মালেক বিদ্যালয়ে গিয়ে আকতার হোসেন ও কানিজ নাসিমার উপস্থিতিতে ফৌজিয়া ইয়াসমিনের কাছে পরিচালনা কমিটির অনুমতি ছাড়া শ্রেণিকক্ষ দখলের কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে আবদুল মালেক প্রধান শিক্ষকের দিকে তেড়ে যান। তখন ফৌজিয়া ইয়াসমিন ভয়ে লুকানোর চেষ্টা করেন। এ সময় আবদুল মালেক তাঁর গলা চেপে ধরেন এবং শাড়ি ও চুল ধরে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে বিদ্যালয়ের আঙিনায় নিয়ে সেখানেও তাঁর হাত ধরে টানাটানি করেন।
জানতে চাইলে শিক্ষক আক্তার হোসেন দাবি করেন, শ্রেণিকক্ষকে বাসস্থান হিসেবে ব্যবহার করার প্রতিবাদ করায় আবদুল মালেককে গালাগাল করে শৌচাগারে গিয়ে লুকানোর চেষ্টা করেন ফৌজিয়া ইয়াসমিন। এ সময় আবদুল মালেক তাঁর হাত ধরে শৌচাগার থেকে বের করে আনেন। এর বাইরে আর কিছু ঘটেনি। তিনি অভিযোগ করেন, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। এর প্রতিবাদ করলেই তাঁদের সঙ্গে অশোভন আচরণ করেন তিনি।
তবে ফৌজিয়া ইয়াসমিন বলেন, ওই দুই শিক্ষক ও পরিচালনা কমিটির কয়েকজন সদস্য বিদ্যালয় থেকে তাঁকে তাড়াতে ষড়যন্ত্র করে আসছেন। এর জের হিসেবে তাঁকে লাঞ্ছিত করা হলো। এতে ইন্ধন জুগিয়েছেন দুই সহকারী শিক্ষক।
যোগাযোগ করলে উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলতুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে আবদুল মালেকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করার অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় দুই শিক্ষকেরও জড়িত থাকার প্রমাণ মিলেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, ঘটনার পর ফৌজিয়া ইয়াসমিন প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিটি গতকাল মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।