বরগুনার বামনা উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করে তা ছড়িয়ে দিয়েছে বখাটেরা। গত শুক্রবার ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযোগ আছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এলাকার কয়েকজন বিষয়টি গত মঙ্গলবার রাতে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে জানালে তিনি বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে বামনা থানা-পুলিশ গতকাল বুধবার দুপুরে ওই শিক্ষার্থী ও তাঁর অভিভাবককে থানায় এনে মামলা নেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রী শুক্রবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। এ সময় বিদ্যালয়ের সামনের চা ও মুদি দোকানদার নাসির উদ্দীন তার সঙ্গে কথা আছে বলে তাকে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা এলাকার নজরুল ইসলাম (২৪) ছাত্রীটিকে জোর করে পাশের আখখেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় নাসির ওই দৃশ্য তার মুঠোফোনে ধারণ করে। পরে ওই দৃশ্য ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নাসিরও তাকে ধর্ষণ করে।
ঘটনাটি পরে মেয়েটি তার মাকে জানালেও তাঁরা ভয়ে বিষয়টি কাউকে জানাননি। ছাত্রীর পরিবারের অভিযোগ, গত রোববার বিকেলে মুঠোফোনে ধারণ করা দৃশ্য এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক ও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ নিয়ে তাঁদের বাড়াবাড়ি না করার পরামর্শ দেন। তাঁরা বিষয়টি মীমাংসা করে দেওয়ার উদ্যোগ নেন। সেই সঙ্গে ছাত্রী ও তার মাকে আত্মগোপনে থাকতে বলেন।
গতকাল পুলিশ ওই মেয়ে ও তার পরিবারকে থানায় নিয়ে আসতে প্রধান শিক্ষককে চাপ দেয়। পরে প্রধান শিক্ষক ছাত্রীর বাবাকে থানায় নিয়ে এলে নজরুল ও নাসির উদ্দিনকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন, ‘বিষয়টি আমি আগে থেকে জানি না। গতকাল বুধবারই প্রথম জেনেছি।’ মঙ্গলবার বামনার কয়েকজন সাংবাদিক আপনাকে ঘটনাটি জানিয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাতে কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করে জানিয়েছেন। আমি তখন তাঁদের বলেছি, মেয়েটির অভিভাবক আমার কাছে এ রকম একটি অভিযোগ করেছেন। এরপর বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিকে জানিয়েছি।’
বামনা থানার ওসি ওমর ফারুক বলেন, ‘ওই শিক্ষার্থীর পরিবার খুব গরিব বলে সামাজিকতা ও পারিপার্শ্বিক চাপে তারা এত দিন মামলা করেনি। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’