বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে ধারালো অস্ত্রসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন ইউএসটিসির শিক্ষার্থী ও দুজন বহিরাগত। তাঁদের কাছে কিরিচ ও ছুরি পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের আটক করে পুলিশ। তবে ছয়জনের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।
ছয়জনকে আটক করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছ থেকে দুই রকম বক্তব্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পুলিশ ছয়জনকে ধারালো অস্ত্রসহ আটক করেছে। তবে পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয়জনকে আটক করে তাঁদের কাছে সোপর্দ করেছেন।
ইউএসটিসির রেজিস্ট্রার বদরুল আমিন ভূঁইয়া বলেন, গতকাল সকালে ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষকেরা তাঁদের নিবৃত্ত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ক্যাম্পাসে পুলিশ ডাকা হয়। তিনি বলেন, পুলিশ এসে ছয়জনকে আটক করে নিয়ে গেছে বলে তাঁরা শুনেছেন। ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পর তাঁরা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। পুলিশ তাঁদের গাড়ি তল্লাশি করে কিরিচ ও ছুরি জব্দ করেছে। পুলিশ তাঁদের জানায়, আটক ব্যক্তিদের চারজন শিক্ষার্থী। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানায়নি।
এ বিষয়ে নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির গতকাল রাত আটটায় প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন পক্ষ-বিপক্ষ রয়েছে। নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি খেয়াল রাখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।