টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণ মামলা থেকে এক সেনাসদস্যকে বাঁচাতে ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার ওই সেনাসদস্যের বাবা আবদুল আজিজসহ ছয়জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেছেন ওই মেয়ের মা।
পুলিশ বুধবার রাতেই মামলার ২ নম্বর আসামি সেনাসদস্য জাহাঙ্গীর আলম খানের চাচাতো ভাই দুলাল খাঁকে (২৫) উপজেলার বাজাইল গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। কিন্তু গত চার দিনেও পুলিশ ওই মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। মেয়েটি উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং জাহাঙ্গীর (২২) যশোর সেনানিবাসে সেনাসদস্য পদে চাকরি করছেন। ওই সেনাসদস্যের বাড়ি সখীপুর উপজেলার বাজাইল গ্রামে।
গ্রেপ্তার হওয়া দুলাল খাঁ পুলিশকে জানান, মেয়েটি এখন সেনাসদস্য জাহাঙ্গীর আলমের হেফাজতে তাঁর স্ত্রী হিসেবে আছে। ধর্ষণ মামলা থেকে বাঁচতে তাকে অপহরণ করা হয়েছে।
মেয়েটির মা অভিযোগ করেন, জাহাঙ্গীর ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে এসে মেয়েটির মা-বাবার কাছে বিয়ের প্রস্তাব দেন। মেয়েকে অল্প বয়সে বিয়ে দেবেন না বলে জানিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ঈদুল ফিতরের দুই দিন পর মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করেন জাহাঙ্গীর। গত ৪ আগস্ট মেয়ের বাবা ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন। ওই দিনই মেয়েটি ধর্ষণের ব্যাপারে আদালতেও জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার এড়াতে জাহাঙ্গীর ছুটি শেষ হওয়ার আগেই যশোর সেনানিবাসে চলে যান।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেনের ভাষ্যমতে, ধর্ষণ মামলা থেকে ছেলেকে বাঁচাতে কৌশল হিসেবে গত মঙ্গলবার বিকেলে তিন সহপাঠীর সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আবদুল আজিজসহ কয়েকজন জোর করে ওই মেয়েকে তুলে নিয়ে ছেলের কাছে রেখে এসেছেন। এ ব্যাপারে আবদুল আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
তদন্ত কর্মকর্তা জানান, ধর্ষণের মামলায় সেনাসদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই আদালতে তা জমা দেওয়া হবে।
মেয়ের মা বলেন, যশোর সেনানিবাসের অফিসার পরিচয় দিয়ে ০১৭৬৯৫৫০০৩৯ নম্বর থেকে ফোন করে তাঁদের সেনানিবাসে যেতে বলা হয়েছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার ওই নম্বরে ফোন করার পর অপর প্রান্ত থেকে বলা হয়, তিনি সেনা কর্মকর্তা নন, একজন সদস্য। তাঁর কাছে মেয়েটিকে রেখে আসা হয়েছে কি না জানতে চাইলে তিনি লাইনটি কেটে দেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, ‘মেয়েটি ক্যান্টনমেন্টে, না কোথায় আছে, এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে শিগগিরই তাকে উদ্ধার করা যাবে।’