ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান বরখাস্ত
বগুড়ার ধুনটে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম তৌহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার মধ্যে পুলিশ একটি মামলায় অভিযোগপত্র দেওয়ার পর তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
পুলিশ ও ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের সময় উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলমের বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ ধুনট থানায় মোট পাঁচটি মামলা করা হয়। এর মধ্যে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে দায়ের করা একটি মামলায় তৌহিদুল আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ কারণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগ থেকে উপজেলা পরিষদ আইন অনুসারে চেয়ারম্যান তৌহিদুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক চিঠিতে এ বার্তা বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। চিঠিটির অনুলিপি গতকাল সোমবার বেলা দুইটার দিকে ধুনট ইউএনওর কাছে পৌঁছে। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তৌহিদুল আলম বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
তবে তৌহিদুল আলম দাবি করেন, হরতাল ও অবরোধ চলাকালে পুলিশ তাঁর বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দায়ের করে আদালতে একটি মামলায় অভিযোগপত্র দিয়েছে। তিনি সাময়িক বরখাস্তের বিরুদ্ধে ন্যায়বিচার পেতে উচ্চ আদালতের আশ্রয় নেবেন।
ধুনট থানার পুলিশ পরিদর্শক পি এন সরকার বলেন, তৌহিদুল আলমের বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ পাঁচটি মামলা আছে। একটিতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি তিনটি মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেকটি মামলা তদন্তাধীন।
ইউএনও হাফিজুর রহমান বলেন, তৌহিদুল আলমকে মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিঠি পাওয়ার পরই কার্যকর ব্যবস্থা নিতেও বলা হয়েছে মন্ত্রণালয় থেকে।