ধুনটে আ.লীগ কর্মী হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
বগুড়ার ধুনটে আওয়ামী লীগ কর্মী ডাবলু মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে ধুনট থানায় মামলাটি করেন নিহত ব্যক্তির ছেলে মিঠু প্রামাণিক। পুলিশ ওই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ওই আসামির নাম অফ্ফার প্রামাণিক (৪০)। তিনি মাজবাড়ি গ্রামের ইব্রাহীম প্রামাণিকের ছেলে। পুলিশ গত মঙ্গলবার ভোররাতে তাঁকে তাঁর সোনাহাটা বাজারের দোকান থেকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার বেলা তিনটার দিকে পূর্বশত্রুতার জের ধরে মামলার আসামি নুর আলমের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ডাবলু মিয়াকে (৪০) সোনাহাটা বাজারে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। বিকেল চারটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
থানাহাজতে আটক অফ্ফার প্রামাণিক দাবি করেন, ‘আমি ডাবলু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, অফ্ফার প্রামাণিককে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।