ধুনটে আ.লীগ নেতাদের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বড়চাপড়া সরকারি হাটের জায়গা থেকে একটি বটগাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এলাকায় বিদ্যুৎ-সংযোগের তার টানানোর সমস্যা ও হাট উন্নয়নের কথা বলে এই গাছ কাটা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার চিকাশি ইউনিয়নের বড়চাপড়া সরকারি হাটের জায়গায় শতবর্ষী তিনটি বট ও পাকুড়গাছ রয়েছে। এই হাটের পূর্ব পাশের একটি প্রাচীন বটগাছের পাশ দিয়ে ওই এলাকায় নতুন বিদ্যুৎ-সংযোগের তার টানানো হয়েছে। এ অবস্থায় চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এস এম আলমগীর হোসেন ও স্থানীয় নেতা মজনু মিয়াসহ দলীয় নেতারা গাছের পাশ দিয়ে বিদ্যুতের তার টানানোর সমস্যা ও হাট উন্নয়নের কথা বলে ওই বটগাছটি বিক্রি করে দেন। তবে কত টাকায় গাছটি বিক্রি করা হয়েছে, তা সঠিকভাবে জানা যায়নি। গাছের ক্রেতা গোলাবাড়ী গ্রামের লুৎফর রহমান গত শুক্রবার বিকেলে ওই নেতাদের পাহারায় তাঁর লোকজন দিয়ে গাছের একটি বড় অংশ কেটে নিয়ে গেছেন। বাকি অংশ পরে কেটে নেবেন।
এ ব্যাপারে এস এম আলমগীর হোসেন বলেন, এলাকায় বিদ্যুতের তার টানানোর সময় ওই বটগাছের একটি অংশ সমস্যার সৃষ্টি করে। এ কারণে ধুনট পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গাছের একটি ডাল বিক্রি করা হয়েছে। ডাল বিক্রির টাকা দিয়ে হাটের উন্নয়ন করা হবে। তবে কত টাকা বিক্রি করা হয়েছে, তা তিনি বলেননি।
ধুনট উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির শাখা মহাব্যবস্থাপক সামছুল হক বলেন, ‘পল্লী বিদ্যুতের তার টানানোর সমস্যা নিয়ে গাছ কেটে বিক্রি করার বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, ‘বিদ্যুতের তার টানানোর সমস্যা হলে আমাকে জানাতে পারত। কিন্তু তারা আমাকে না জানিয়ে সরকারি গাছ কাটতে পারে না। আমি স্থানীয় ভূমি কর্মকর্তাকে গাছ কাটার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছি। তার তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’