ধুনটে আ.লীগ নেতার ফাঁদে পড়ে এক ব্যবসায়ী নিঃস্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদের ফাঁদে পড়ে রিপন রানা নামে এক ব্যবসায়ী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গতকাল বুধবার দুপুরে রিপন ওই অভিযোগ করেন।

রিপন লিখিত বক্তব্যে বলেন, দুই বছর আগে মথুরাপুর বাজারের সরকারি জায়গায় জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ৩৮টি দোকানঘর নির্মাণ করেন ইজারাদারেরা। এ সুযোগে হাসান আহম্মেদ একটি দোকানঘর বরাদ্দ দেওয়ার কথা বলে রিপনের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেন। পরে সেই চুক্তি অনুযায়ী হাসান নির্মাণ করা ৩৮টি দোকানঘরের মধ্যে ২৬ নম্বর দোকানঘরটি রিপনকে দখল নিয়ে দেন। সেই দখল অনুযায়ী রিপন ওই দোকানঘরে অতিরিক্ত আরও ৬৪ হাজার টাকা ব্যয় করে প্রায় এক বছর ধরে ব্যবসা করছেন।

রিপন তাঁর লিখিত বক্তব্যে আরও বলেন, ‘আমি তিন মাস আগে জানতে পারি, আমার নামে কোনো দোকানঘর বরাদ্দ দেওয়া হয়নি। ফলে আমি গত ৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হাসানের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনা তদন্ত করে দোকানঘরের কোনো বৈধ কাগজপত্র পায়নি। ফলে উপজেলা প্রশাসন ৩০ নভেম্বর আমাকে ওই ঘর থেকে মালামালসহ বের করে দেয়। একই সঙ্গে আমাকে টাকা ফেরত দিতে হাসানকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেয় উপজেলা প্রশাসন। কিন্তু এখনো হাসান আমাকে টাকা ফেরত দেননি। বর্তমানে আমার ব্যবসা বন্ধ থাকায় বাইরে রাখা প্রায় ৮ লাখ টাকার মালামাল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া ব্যবসা বন্ধ থাকায় পরিবার নিয়ে মানবেতন জীবনযাপন করছি। এদিকে ইউএনওর কাছে অভিযোগ করায় হাসানের হুমকিতে আমি নিরাপত্তাহীনতার মাঝে দিন যাপন করছি। আমি হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ আমার নামে ঘর বরাদ্দ দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

তবে এ ব্যাপারে হাসান বলেন, ‘মথুরাপুর বাজারের সরকারি জায়গায় ৫০টি দোকানঘর নির্মাণের জন্য প্রশাসনের অনুমতি ছিল। এর মধ্যে ৩৮টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। প্রথম তালিকায় রিপনের নাম ছিল। কিন্তু ঘর নির্মাণকারী কমিটি রিপনের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। এখন নির্মাণকারী কমিটির সঙ্গে আমার আলোচনা হয়েছে। তাঁরা পরের তালিকায় তাঁকে দোকানঘর বরাদ্দ দেবেন। এর আগেই রিপন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন।’