ধুনটে আ.লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে স্বাধীনতার মেলায় লটারি খেলা নিয়ে চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশাসহ ৮ জনের বিরুদ্ধে গত শুক্রবার রাতে মারধর, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এদিকে আলেপ বাদশা গতকাল শনিবার উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ থেকে ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে স্বাধীনতা মেলার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের একটি অংশ এ মেলার আয়োজন করে। মেলায় প্রতিরাতে লটারি চলত। লটারি খেলায় পুরস্কার হিসেবে দেওয়া হতো কার, মোটরসাইলেকসহ নগদ টাকা। এ লটারি খেলা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিকসহ দলের একটি অংশ বিরোধিতা করেছিল। একপর্যায়ে গত ২৭ মার্চ এই বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় লটারি বন্ধের পক্ষে কথা বলতে গিয়ে মেলা আয়োজক কমিটির লোকজনের হাতে চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা মারধরের শিকার হন। গত মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে ও চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজারের লটারির টিকিট বিক্রির সময় লটারির বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে প্রশাসনের নির্দেশে ৩০ মার্চ থেকে এই মেলাসহ লটারি খেলা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে শুক্রবার রাতে লটারি পরিচালনাকারী মাখছুদুল হক বাদী হয়ে আলেপ বাদশাসহ ৮ নেতাকর্মীর বিরুদ্ধে ওই মামলা করেন। এদিকে আলেপ বাদশা গতকাল বিকেলে উপজেলা সভাপতি ইকবাল হাসানসহ ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই মামলা ও অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।