ধুনটে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর শ্যালক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে আওয়ামী লীগের প্রার্থী ও কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগে বিদ্রোহী প্রার্থীর শ্যালক হত্যা মামলার আসামি জহুরুল ইসলামকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি শেরপুর উপজেলা কালিয়াকড় গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম শেরপুর ও ধুনট উপজেলার একজন চিহ্নিত সন্ত্রাসী। এই দুই থানায় তাঁর নামে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ আটটি মামলা ও ১০ থেকে ১২টি অভিযোগ রয়েছে। এসব মামলায় গত বছর তিনি শেরপুর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হন। গত মাসেই তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
থানাহাজতে আটক জহুরুল ইসলাম কোনো প্রার্থী বা তাঁর কোনো কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। আওয়ামী লীগ প্রার্থী তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন বলে পাল্টা অভিযোগ করেন জহুরুল।