ধুনটে আদম ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় গত বৃহস্পতিবার সাইদুল ইসলাম (৩৫) নামে এক আদম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সাইদুল উপজেলার চিতুলিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিতুলিয়াগ্রামের লাল মিয়া কাঠমিস্ত্রির কাজ করতেন। একই গ্রামের আদম ব্যবসায়ী সাইদুল ভালো বেতনের লোভ দেখিয়ে ২০১৫ সালের ৮ মার্চ লাল মিয়ার কাছ থেকে চার লাখ টাকা নিয়ে গলা কাটা ভিসায় তাঁকে মালয়েশিয়ায় পাঠান। কিন্তু মালয়েশিয়ায় গিয়ে লাল মিয়ার ভাগ্যে জোটেনি চাকরি। প্রতারণার শিকার হয়ে নয়টি মাস লাল মিয়াকে মালয়েশিয়ার বনে-জঙ্গলে পালিয়ে বেড়াতে হয়। অবশেষে সেখানে কর্মরত এক বাংলাদেশির সহায়তায় গত মাসে বাড়িতে আসেন লাল মিয়া। পরে সাইদুলের কাছে টাকা চেয়ে ব্যর্থ হয়ে গত মঙ্গলবার তাঁর (সাইদুল) বিরুদ্ধে থানায় মামলা করেন তিনি। বৃহস্পতিবার সাইদুলকে গ্রেপ্তার করে পুলিশ।

থানাহাজতে থাকা অবস্থায় সাইদুল বলেন, ‘আমি নিজে বিদেশে লোক পাঠানোর কাজ করি না। অন্য এক ব্যবসায়ীকে বিদেশে পাঠানোর জন্য লোক সংগ্রহ করে দিই। লাল মিয়াকে ওই ব্যবসায়ীর মাধ্যমে মালয়েশিয়া পাঠিয়েছিলাম। সেখানে কাজ না করে ফিরে এসে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন লাল মিয়া।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাইদুলকে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।