ধুনটে আনন্দ স্কুলের প্রশিক্ষকের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে আনন্দ স্কুলের প্রশিক্ষক-সমন্বয়কের বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তিনি ৮০টি স্কুলের ৮০ জন শিক্ষককে বেতন-ভাতা দেওয়ার সময় প্রতি মাসেই ৫০০ টাকা করে আদায় করছেন বলে শিক্ষকেরা অভিযোগ করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকেরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।
ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে উপজেলার ১০টি ইউনিয়নে ৮০টি আনন্দ স্কুল গড়ে তোলা হয়েছে। প্রতিটি স্কুলে আছেন একজন করে শিক্ষক। তাঁদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে বেতন-ভাতা দেওয়ার কথা। সাধারণ বিদ্যালয় থেকে ঝরে পড়া ২ হাজার ৫১৮ জন শিক্ষার্থীকে এসব বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে। স্কুলগুলোর শিক্ষকদের প্রশিক্ষণ ও সমন্বয়ের জন্য আবদুল আজিজ নামের একজন উপজেলা প্রশিক্ষক-সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তিনি প্রতি মাসেই কোনো না কোনো হুমকি দিয়ে শিক্ষকদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করছেন। এভাবে প্রতি মাসে তিনি শিক্ষকদের কাছ থেকে অন্তত ৪০ হাজার টাকা করে আদায় করছেন। এ বিষয়ে ক্ষুব্ধ শিক্ষকেরা গত মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রশিক্ষক আবদুল আজিজের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, প্রশিক্ষক-সমন্বয়ক আবদুল আজিজ প্রতি মাসে বেতন-ভাতা দেওয়ার সময় প্রত্যেকের কাছ থেকে ৫০০ করে কেটে নেন। সত্যি কথা বললে চাকরি থাকবে না বলে তিনি হুমকি দেন বলে অভিযোগ করেন ওই শিক্ষকেরা।
প্রশিক্ষণ-সমন্বয়ক আবদুল আজিজ অবশ্য দাবি করেন, ‘আমি শিক্ষকদের কাজ থেকে কোনো প্রকার টাকা আদায় করি না। শিক্ষকদের সঠিকভাবে স্কুলে আসতে বললেই তাঁরা আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ করেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন মণ্ডল বলেন, ‘আনন্দ স্কুলের প্রশিক্ষকের বিরুদ্ধে বেতন-ভাতা দেওয়ার সময় ৫০০ টাকা করে কেটে নেন বলে কয়েকজন শিক্ষক মঙ্গলবার অভিযোগ দিয়েছেন। আমি তাঁদের কথা শুনে তাৎক্ষণিকভাবে মুঠোফোনে প্রশিক্ষককে সতর্ক করেছি। এরপর অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’