ধুনটে ইমামকে হত্যার হুমকি দিয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় আবদুল কাদের নামের এক ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুল কাদেরের বাড়ি মথুরাপুরাপুর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামে। তিনি উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের জামে মসজিদে প্রায় এক বছর ধরে ইমামতি করছেন। মসজিদসংলগ্ন ছোট একটি কক্ষে তিনি থাকেন। গত শুক্রবার জুমার নামাজ শেষে তিনি তাঁর বিছানায় ছোট একটি চিঠি পান। চিঠিতে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর তিনি থানায় লিখিত অভিযোগ দেন। পরে নিজ গ্রামে চলে যান।
আবদুল কাদের বলেন, চিঠিতে তাঁকে শুক্রবার জুমার নামাজ পড়ার পর এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হয়েছে। না হলে তাঁকে খুন করা হবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ‘আমি আতঙ্কিত। এ পরিস্থিতির সুরাহা না হওয়া পর্যন্ত বাড়িতে থাকব।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তের পর লিখিত অভিযোগ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে লিপিবদ্ধ করা হবে।