ধুনটে এক নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়ার ধুনট উপজেলায় এক নারীকে (৪০) কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া বাজার এলাকায় গত সোমবার এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আড়কাটিয়া মধ্যপাড়া গ্রামের রনজু মণ্ডল (৪১) প্রায় তিন বছর ধরে বিয়ের প্রস্তাব দিয়ে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রায় ছয় মাস আগে ওই নারীর কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে রনজু গ্রাম ছেড়ে পালিয়ে যান। এক মাস আগে রনজু বাড়িতে ফিরলেও ওই নারীর সঙ্গে আগের মতো যোগাযোগ করেন না। একপর্যায়ে ওই নারী টাকা ফেরত ও বিয়ের কথা বললে রনজু টালবাহানা করতে থাকেন। ওই নারী গত সোমবার সকালে রজনুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার বিকেলে রনজু আড়কাটিয়া বাজারে ওই নারীকে একা পেয়ে দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর রনজু পালিয়ে গেছেন। এ ছাড়া তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।