ধুনটে এবার ১০ ইউপি সদস্যের জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে এবার সদস্যদের ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১০ জন ইউপি সদস্য গত বুধবার রাতে চেয়ারম্যানের বিরুদ্ধে ধুনট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে গোপালনগর ইউপির জন্য ২৬০টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। কার্ডধারী দুস্থ মানুষেরা আগামী দুই বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাল উত্তোলন করতে পারবেন। এসব কার্ড ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে দুস্থ মানুষের মাঝে বিতরণ করার নিয়ম। কিন্তু ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার আর্থিক সুবিধা নিয়ে একাই তালিকা করে কার্ড বিতরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতার কার্ড বিতরণেও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে নয়টি ওয়ার্ডের ১২ জন ইউপি সদস্যের মধ্যে ১০ জন গত রোববার থেকে ইউপি বর্জন কর্মসূচি পালন করছেন। এ ছাড়া তাঁরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য গোলাম হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইব্রাহীমের কাছে এবং পরদিন বুধবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে চেয়ারম্যান ও তাঁর লোকজন ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্যদের নানা ধরনের হুমকি দেন। এ পরিস্থিতিতে ১০ জন ইউপি সদস্য স্বাক্ষরিত অভিযোগ থানায় জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, ‘ইউপি সদস্যরা অর্থ হাতিয়ে নিয়ে ভিজিডি কার্ডের তালিকা করেন। পরে আমি বিষয়টি তদন্ত করে ওই তালিকা বাতিল করি। আর এ কারণে তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। তাঁদের হুমকি দেওয়ার অভিযোগও সত্য নয়।’
জিডির সত্যতা নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তদন্ত করা হবে।
ইউএনও মুহাম্মদ ইব্রাহীম বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের লিখিত অভিযোগ পাওয়া গেছে।