ধুনটে কর্মসংস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের নিয়োগের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ইউপি চেয়ারম্যানরা অভিযোগ অস্বীকার করে এ জন্য সদস্যদের দায়ী করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে সাত-আটজন শ্রমিক বলেন, নিয়োগের সময় নারী শ্রমিকদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার ও পুরুষদের কাছ থেকে দুই হাজার টাকা করে নেওয়া হয়েছে। প্রকল্পের নিয়োগ পেতে শ্রমিকেরা হাঁস-মুরগি বিক্রি করে ও ঋণ নিয়ে টাকা সংগ্রহ করে এলাকার জনপ্রতিনিধিদের দিয়েছেন।
উপজেলা প্রকল্প কার্যালয় সূত্র জানায়, ২০১৩-১৪ অর্থবছরের শেষ সময়ে উপজেলার ১০টি ইউনিয়নে কর্মসংস্থান কর্মসূচির প্রকল্প বাস্তবায়নের জন্য ১ হাজার ৯ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় চার সপ্তাহ ধরে নিয়োগ পাওয়া শ্রমিকেরা প্রকল্পের আওতায় বিভিন্ন গ্রামীণ রাস্তা ও মসজিদের মাঠে মাটি ভরাটের কাজ করছেন। বিনিময়ে প্রত্যেক শ্রমিককে দৈনিক ২০০ টাকা করে মজুরি দেওয়া হয়। ৪০ দিন এ কাজ চলবে।
নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা টাকা ছাড়া কোনো শ্রমিককে নিয়োগ দেননি। ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব শ্রমিকের তালিকা দেওয়া হয়েছে, তাঁরা তাঁদের কাছ থেকেও টাকা নিয়েছেন।’
নিমগাছি ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য নবাব আলী বলেন, ‘আমি কোনো টাকা নেই নাই। অন্যান্য ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা টাকা উত্তোলন করেছেন।’
শ্রমিক তদারকির কাজে নিয়োজিত কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ‘নিমগাছি ইউনিয়নে শ্রমিকপ্রতি দু-তিন হাজার করে টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া কাজ শুরুর এক সপ্তাহ পরে আমার হাতে শ্রমিকের তালিকা সরবরাহ করা হয়। এ কারণে প্রকল্পের প্রথম সপ্তাহের কাজ পরিদর্শনের জন্য মাঠে যাওয়া সম্ভব হয়নি।’
নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দোলা বলেন, ‘আমি শ্রমিক নিয়োগ দিয়ে টাকা নিয়েছি, এ ধরনের প্রমাণ কেউ দিতে পারবেন না। তবে ইউপি সদস্যরা নিয়ে থাকলে দায়দায়িত্ব তাঁদেরই নিতে হবে। আমি এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত নই।’
ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আমি তিনজন শ্রমিকের তালিকা দিয়েছি। এই তিনজনের কাছ থেকেও দুই থেকে তিন হাজার করে টাকা নেওয়া হয়েছে।’
ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান অতিকুল করিম বলেন, ‘আমি কোনো শ্রমিক নিয়োগ দিয়ে টাকা নিইনি। পরিষদের সদস্যরা টাকা নিয়েছেন বলে শুনেছি, তবে কোনো শ্রমিক আমার কাছে সরাসরি টাকা নেওয়ার বিষয়ে অভিযোগ করেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, কর্মসংস্থান প্রকল্পে শ্রমিক নিয়োগে টাকা নেওয়ার বিষয়ে অনেকের কাছ থেকে জানা গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।