ধুনটে কারেন্ট জাল দিয়ে অবাধে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা, বাঙ্গালী, ইছামতী নদীসহ বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবাধে চলছে মাছ শিকার। 

স্থানীয় বাজারগুলোয় কারেন্ট জাল বিক্রি হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলে যমুনা ও বাঙ্গালী নদীর পানি বাড়ছে। বৃষ্টির পানিতে বিভিন্ন গ্রামের খাল-বিল ও নিচু এলাকা ধীরে ধীরে ভরে উঠছে। নতুন পানিতে স্থানীয় বিভিন্ন জাতের ছোট-বড় ডিমওয়ালা মাছ আসছে। মাছ-শিকারিরা কারেন্ট জাল দিয়ে অবাধে ডিমওয়ালা পুঁটি, ট্যাংরা, কই, শিং, মাগুর, চেলা মাছ ধরছেন। এর সঙ্গে ব্যাঙ, সাপ, কুচিয়াসহ অন্যান্য জলজ প্রাণী কারেন্ট জালে আটকা পড়ে মারা যাচ্ছে। অন্যদিকে যমুনা নদীতে জেলেদের কারেন্ট জালে বড় মাছের পাশাপাশি ধরা পড়ছে পাঙাশ, রুই, কাতলসহ বিভিন্ন মাছের পোনা।

গত শনিবার সকালে যমুনা নদীর সহড়াবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, জেলেরা নৌকায় করে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন। খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ জেলে রাতে মাছ শিকার করে সকালে বাজারে বিক্রি করেন। কেউ কেউ শখের বসে দিনের বেলায় মাছ শিকার করেন। এ ছাড়া ইছামতী নদীর বিভিন্ন স্থানে আড়াআড়িভাবে কারেন্ট জাল ফেলে মাছ শিকার করা হচ্ছে। এলাঙ্গী, গোসাইবাড়ি, চিকাশিসহ কয়েকটি ইউনিয়নের বাজার বিলগাড়ি ও ড়োবা, খাল ঘুরেএকই রকম দৃশ্য দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ধুনট, গোসাইবাড়ি, ভান্ডারবাড়ি বাজারের কয়েকজন কারেন্ট জাল বিক্রেতা বলেন, কারেন্ট জালের ব্যবহার অনেক আগে থেকেই চলছে। উপজেলার অনেক বাজারেই কারেন্ট জালের ব্যবসা হয়।

যমুনা পারের বাসিন্দা হজরত আলী বলেন, কারেন্ট জাল ওজনে কম। বহনে সহজ। দাম কম, মাছ ধরতেও সুবিধা বেশি। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে। এ কারণে সবাই এ জাল ব্যবহারে আগ্রহী। কারেন্ট জালের ব্যবহার বন্ধ না হলে দেশি প্রজাতির মাছের বংশবিস্তার বন্ধ হয়ে যাবে। সাপ, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণীও কমে যাবে।

ইছামতী-তীরের বাসিন্দা আবুল কাশেম বলেন, দিনের বেলায় কারেন্ট জাল দিয়ে মাছ-শিকারিদের কম দেখা যায়। তাঁরা সন্ধ্যায় নদীর মাঝপথে আড়াআড়িভাবে জাল ফেলে রাখেন। ভোররাতে সেগুলো নিয়ে যান। তাঁদের ধরা কঠিন। সবাই এলাকার বাসিন্দা। এ কারণে কেউ কিছুই বলেন না। বাজারে নিষিদ্ধ জাল বিক্রি বন্ধ হলে কেউ আর মাছ শিকার করতে পারবেন না। কিন্তু প্রশাসন সে ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, ‘কারেন্ট জালের ব্যবহার বন্ধে সারা বছর অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া জনসচেতনতা তৈরিতে সভা, সমাবেশ করা হয়েছে। আজও (গতকাল) কয়েকজন প্রতিনিধিকে বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। অনেক সময় আমাদের চোখের আড়ালে কিছু অসাধু ব্যক্তি কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছেন। খোঁজ নিয়ে তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’