ধুনটে কালভার্টের ইট ইউপি সদস্যের ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য কালভার্টের ইট দিয়ে ঘরের দেয়াল ও মেঝের কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জোড়শিমুল গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য গোলাম হোসেনের বাড়ির কাছে ১৯৯৬ সালে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপির) অর্থায়নে আট ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থ একটি কালভার্ট নির্মাণ করা হয়। গত বর্ষায় কালভার্টটির দুই পাশের ইটগুলো বের হয়ে যায়। পরে গোলাম হোসেন কালভার্টের ইটগুলো খুলে নিয়ে তাঁর ঘরের দেয়াল ও মেঝের কাজ করেন।
এ ব্যাপারে চিকাশি ইউনিয়নের একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আলতাব হোসেন বলেন, ‘গোলাম হোসেন কালভার্টের ইট নিয়ে গেছেন এ কথা সত্য। বিষয়টি আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি।’
এ ব্যাপারে কথা বলতে ১৫ নভেম্বর সকালে গোলাম হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ সময় তাঁর স্ত্রী খাদিজা খাতুন বলেন, ‘কালভার্টের ইট খুলে নিয়ে যাওয়ার সঙ্গে আমার স্বামী জড়িত নন। রাতের বেলায় কে বা কারা ইট খুলে নিয়ে গেছে, তা আমরা জানি না।’
চিকাশি ইউপির চেয়ারম্যান জাকির হোসেন জানান, ঘটনার সঙ্গে গোলাম হোসেনের কথা শোনা গেলেও এ ঘটনার সঙ্গে তিনি শুধু একা জড়িত নন। খোঁজখবর নিয়ে ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী প্রকৌশলী আবদুর রশিদ জানান, কালভার্টের ইট খুলে নেওয়ার ঘটনাটি শোনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।