ধুনটে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের ঘোষপাড়া কালীমন্দিরের চারটি প্রতিমা গত শুক্রবার রাতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘোষপাড়ার গৃহবধূ অঞ্জলি বালা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমি প্রতিদিন একবার করে এসে মন্দির দেখে যাই। শুক্রবার রাত নয়টার দিকে মন্দিরে এসে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পাই।’
জানতে চাইলে ঘোষপাড়া কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি সুমন কুমার ঘোষ বলেন, ‘শত বছর ধরে বংশপরম্পরায় আমরা এই মন্দিরে পূজা-অর্চনা করে আসছি। এলাকার লোকজনও আমাদের পূজা-অর্চনা করতে সহযোগিতা দেন। কারও সঙ্গে আমাদের শত্রুতা নেই। এরপরও কারা এমন কাণ্ড ঘটাতে পারে, তা আমার জানা নেই।’
উপজেলার পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আশিস কুমার বলেন, ওই কালীমন্দির এলাকায় প্রতি রাতেই মাদকসেবীদের আড্ডা বসে। স্থানীয় মাদকাসক্তরা প্রতিমা ভাঙচুর করে থাকতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজের রহমান বলেন, গতকাল দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।