ধুনটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
বগুড়ার ধুনটে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উত্তর কান্তনগর বাঁশহাটা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর পরিবারের দাবি, স্বামী ও সতিন মিলে তাঁকে হত্যা করেছেন।
নিহত গৃহবধূ হলেন এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আনজুয়ারা খাতুন (৩০)। ঘটনার পর থেকে তাঁর স্বামী ও সতিন পলাতক।
গৃহবধূর চাচা রেজাউল ইসলাম অভিযোগ করেন, প্রায় ১৫ বছর আগে আনজুয়ারার সঙ্গে উত্তর কান্তনগর বাঁশহাটা গ্রামের দুলাল প্রামাণিকের (৩৫) বিয়ে হয়। আনজুয়ারা ছিলেন দুলালের তৃতীয় স্ত্রী। এ অবস্থায় প্রায় তিন মাস আগে দুলাল একই উপজেলার ঈশ্বরঘাট গ্রামের চায়না খাতুনকে (২২) বিয়ে করেন। এরপর থেকেই আনজুয়ারা ও দুলালের মধ্যে বিরোধ চলতে থাকে। এর জের ধরে মঙ্গলবার বিকেলে আনজুয়ারার তিন সন্তানকে কৌশলে নানাবাড়িতে রেখে আসেন দুলাল ও চায়না। এরপর বাড়ি ফিরে সন্ধ্যায় আনজুয়ারাকে শ্বাসরোধে হত্যা করে দুজন পালিয়ে যান। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রাতেই দুলালের বাড়িতে যান তাঁরা। পরে তাঁদের দেওয়া খবরের ভিত্তিতে গতকাল বুধবার ধুনট থানা-পুলিশ আনজুয়ারার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার বলেন, নিহত গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন আছে।