ধুনটে চিকিৎসককে উত্ত্যক্ত করায় বখাটে গ্রেপ্তার
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় গিয়ে এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবদুল লতিফ (৩৮) নামের এক মাদকাসক্ত বখাটে ব্যক্তিকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।
লতিফ উপজেলার ভরনশাহী গ্রামের জালাল মণ্ডলের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা গোসাইবাড়ী ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্রের এক নারী চিকিৎসক গত সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় নিজ বাসায় ঘুমাচ্ছিলেন। ওই দিন দিবাগত রাত তিনটার দিকে লতিফ সেই বাসার কাছে গিয়ে ওই চিকিৎসককে নাম ধরে ডাকতে থাকেন। ওই চিকিৎসক তাতে সাড়া না দেওয়ায় লতিফ তাঁকে নানাভাবে উত্ত্যক্ত ও হুমকি দেন। এ সময় ওই চিকিৎসকের চিৎকার শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু এর আগেই বখাটে লতিফ পালিয়ে যান।
এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে ওই চিকিৎসক বাদী হয়ে লতিফের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুবুজ্জামান ওই চিকিৎসককে উত্ত্যক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে থানা হাজতে আটক লতিফ বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’