ধুনটে ছাত্রলীগ-যুবলীগ নেতাদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে হামলা চালিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর, চালকসহ কর্মীদের মারধরের ঘটনায় গত শনিবার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা, নিমগাছি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাসানসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সুজাউদ্দৌলা নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানও।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাহাটা বাজারের একটি ওয়েলডিং কারখানা থেকে গত শুক্রবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়ে এনামুল হক নামের এক ব্যক্তির বিপণিবিতানে আগুন লাগে। মুহূর্তেই বিপণিবিতানের পাঁচটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা একটার দিকে ঘটনাস্থলে যাওয়ামাত্রই বিক্ষুব্ধ জনগণ দেরিতে যাওয়ার অভিযোগ তুলে হামলা চালিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর ও ফায়ার সার্ভিস কর্মীদের দলনেতা সিদ্দীকুর রহমান (৪২), গাড়িচালক রাসেলুর রহমান (৩৫), কর্মী মাহমুদুল হাসান (৩০) ও রাকিবুল হাসানকে (৩০) পিটিয়ে আহত করেন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ। এ ঘটনায় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইয়াকুব আলী বাদী হয়ে শনিবার সকালে সুজাউদ্দৌলা, ইমরানসহ ছয়জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

ইয়াকুব বলেন, ‘উপজেলা থেকে সোনাহাটা বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ভাঙা পথ ও যানজট অতিক্রম করে ঘটনাস্থলে যেতে একটু দেরি হয়। এ সময় দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলে আমাদের গাড়ি ভাঙচুর ও কর্মীদের মারধর করা হয়।’

সুজাউদ্দৌলা বলেন, ‘ফায়ার সার্ভিসের গাড়িটি দেরিতে ঘটনাস্থলে আসায় বিক্ষুব্ধ জনগণ হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও কয়েকজন কর্মীকে মারধর করেন। ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনগণকে থামানোর চেষ্টা করেছি। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’