ধুনটে জোর করে গর্ভপাত ঘটানোর মামলায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) জোর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তি (১৮) ও এক চিকিৎসা সহযোগীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় গতকাল শনিবার প্রথম আলোর অনলাইন ও আজ রোববার বিশাল বাংলায় প্রতিবেদন প্রকাশিত হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধর্ষণ ও ধর্ষণের আলামত নষ্ট করতে গর্ভপাত ঘটানোর লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযুক্ত ব্যক্তি এবং জোর করে গর্ভপাত ঘটানোর কাজে জড়িত থাকার অভিযোগে আরেকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানাহাজতে আটক প্রধান অভিযুক্ত ব্যক্তি প্রথম আলোকে বলেন, ‘আমি ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ করায় সম্মানের ভয়ে আমি ও আমার পরিবার গর্ভপাত ঘটানোর কাজে সহযোগিতা করেছি।’
ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামের ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেন ওই অভিযুক্ত যুবক। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ কারণে অভিযুক্ত ব্যক্তি ও তাঁর পরিবারের লোকজন ধর্ষণের আলামত নষ্ট করতে গত ২৪ জানুয়ারি জোর করে ওই ছাত্রীর গর্ভপাত ঘটান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানতে পেরে চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় ছাত্রীর চাচা বাদী হয়ে প্রধান অভিযুক্ত যুবকসহ ছয়জনের বিরুদ্ধে শুক্রবার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় পুলিশ শনিবার দিনভর তদন্ত করে রাতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে।