বগুড়ার ধুনট উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ আটটি মুঠোফোন জব্দ করেছে।
আসামিরা হলেন রানা (২৫), হাসান ফেরদৌস (২৩) ও মানিক মিয়া (২৫)। তাঁদের বাড়ি উপজেলার নিমগাছি গ্রামে। ভিডিওচিত্র ছড়িয়ে পড়ার পর ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দিয়েছে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার বলেন, স্কুলছাত্রীর বাবা এ ঘটনায় থানায় অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে গত সোমবার রাতে অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত তিন যুবক ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন। ঘটনাটি জানার পর ছাত্রীর বাবা তিন যুবকের পরিবারের কাছে এর প্রতিকার চান। এতে ওই তিন যুবক ক্ষুব্ধ হন। যুবকেরা কৌশলে মুঠোফোনে ওই ছাত্রীর একটি স্থির ছবি তোলেন। পরে তাঁরা ওই ছবির সঙ্গে অজ্ঞাতনামা এক তরুণীর অশ্লীল ভিডিওচিত্র যুক্ত করে ইন্টারনেটে ছেড়ে দেন। ভিডিওচিত্রটি স্থানীয় সোনাহাটা বাজারের একটি ডিজিটাল স্টুডিও থেকে দ্রুত বিভিন্ন ব্যক্তির মুঠোফোনে ছড়িয়ে পড়ে। তদন্তকালে পুলিশ অভিযুক্ত রানাসহ আট যুবকের কাছ থেকে আটটি মুঠোফোন জব্দ করেছে। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য উভয় পরিবারকে নিয়ে কয়েক দফা বৈঠক করা হয়। ওই ভিডিওচিত্র প্রকাশের পর মেয়েটি বিদ্যালয়ে আসে না।
অভিযুক্ত রানার আত্মীয় নিমগাছি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নবাব আলী বলেন, ‘অভিযুক্ত অন্য যুবকদের সম্পর্কে আমার জানা নেই। তবে রানার কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। রানা ওই ঘটনার সঙ্গে জড়িত নয়।’