ধুনটে তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিক্রির সময় ৭০ বস্তা চালসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামে মাসুম শাহর গুদাম থেকে চালসহ তাঁদের আটক করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ধুনটের ১০ ইউনিয়নে ১১ হাজার ৯২১ জন কার্ডধারীর কাছে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিক্রির জন্য ২০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে এলাঙ্গী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়ালকে ডিলার নিয়োগ দেওয়া হয়। তিনি গত মঙ্গলবার সকালে কার্ডধারী ব্যক্তিদের মধ্যে চাল বিক্রি করছিলেন। এ অবস্থায় এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আওয়ামী লীগের কর্মী আবদুল হামিদ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম, সদস্য মাসুম শাহসহ কয়েকজন নেতা কার্ডধারী ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে ২৫০ টাকা দিয়ে কার্ডগুলো হাতিয়ে নেন। পরে তাঁরা এসব কার্ড দিয়ে ডিলারের কাছ থেকে চাল তুলে মাসুম শাহর গুদামে রাখেন। দুপুরে ধুনট থানার পুলিশ খবর পেয়ে ওই গুদাম থেকে বিক্রির সময় ৫০ কেজি ওজনের ৭০ বস্তা চাল আটক করে। এ সময় সেখান থেকে মাসুম শাহ (৩০), নয়া মিয়া (৪৫) ও রবিনকে (২০) আটক করা হয়।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।