ধুনটে দুই শতাধিক গাছ কেটে নিল দুর্বৃত্তরা
বগুড়ার ধুনটে দুটি রাস্তার পাশে লাগানো দুই শতাধিক শিশুগাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এসব গাছ মরা বলেও জানিয়েছেন তাঁরা।
উপজেলার ১৫ জনের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৭ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ধুনট উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড থেকে মথুরাপুর পর্যন্ত ১৪ কিলোমিটার এবং ধুনট সদর থেকে গোসাইবাড়ি পর্যন্ত ১৩ কিলোমিটার আঞ্চলিক সড়ক নির্মাণ ও পাকা করে। ওই সময় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এ সড়কের দুই পাশে মেহগনি, আকাশমণি, শিশুগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। গাছগুলো ইতিমধ্যে বেশ বড় হয়েছে। কিন্তু এর মধ্যে শিশু জাতের দুই শতাধিক গাছ মারা গেছে। আর সেই গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সরেজমিনে দেখা যায়, এই দুটি রাস্তার দুই পাশে লাগানো বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছ রয়েছে। এর মধ্যে অনেক শিশুগাছের পাতা ঝরে মরার উপক্রম হয়েছে।
উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, মরে যাওয়া গাছগুলো কেটে নিয়ে এলজিইডি নতুন করে গাছ রোপণ করলে ভালো হতো। কিন্তু এ বিষয়ে কেউ খোঁজখবর রাখছে না।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, এলজিইডি ধুনট উপজেলার কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।
এলজিইডি ধুনট উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এলজিইডির সাবেক ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী আবদুর রশিদ বলেন, মরে যাওয়া গাছগুলো নিলামে বিক্রি করার জন্য জেলা প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করা হয়েছিল। কিন্তু এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।