ধুনটে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক কারাগারে
বগুড়ার ধুনটে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আবদুল হান্নানকে (৪৫) অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ধুনট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আবদুল হান্নান দুই বছর আগে উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে চার লাখ টাকা নেন। কিন্তু তিনি এখনো সেই গ্রামে বিদ্যুৎ-সংযোগ দিতে পারেননি। গ্রামবাসীর সেই টাকাও তিনি ফেরত দেননি। চলতি বছরের জানুয়ারিতে অলোয়া গ্রামবাসীর পক্ষে জাবু মণ্ডল নামের এক ব্যক্তি বাদী হয়ে আবদুল হান্নানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বুধবার রাত নয়টার দিকে পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার হান্নানকে কারাগারে পাঠানো হয়।
আবদুল হান্নান বলেন, ‘প্রতিহিংসাবশত আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে কারও কাছ থেকে আমি টাকা নিইনি।’