ধুনটে পাঠশালা দখল, ২০০ শিক্ষার্থীর পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার কুঠিবাড়ী বাগদিপাড়া গণপাঠশালা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে পাঠশালার প্রায় ২০০ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ব্রিটিশ আমলে ভারতের বর্ধমান থেকে নীলকরেরা নীল চাষের শ্রমিক হিসেবে বাগদি সম্প্রদায়ের লোকদের এ দেশে নিয়ে আসে। নীল চাষ বিলুপ্তির পর বাগদিরা ধুনট সদরের কুঠিবাড়ী এলাকায় বসবাস শুরু করেন। জীবিকার তাগিদে তাঁরা বেছে নেয় ডুলি ও পালকি বহনের পেশা। সময়ের ধারাবাহিকতায় এখন তাঁরা কুলি, মজুর, রিকশা-ভ্যানচালকসহ বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করছেন। অভাবের কারণে বাগদি পরিবারের লোকজন পড়ালেখার কথা ভাবতে পারত না। এসব দরিদ্র জনপদের শিশুদের জন্য ২০০৪ সালে ‘গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ড প্রকল্প’ গড়ে তোলা হয় কুঠিবাড়ী বাগদিপাড়া গণপাঠশালা। এ সময় সুবল চন্দ্র রায় ও বৈদ্যনাথ রায় পাঠশালার নামে নয় শতক জমি নিঃশর্তভাবে দলিল করে দেন। সেখানে গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের অর্থায়নে পাঁচ কক্ষবিশিষ্ট টিনের ঘর নির্মাণ করা হয়। নাম দেওয়া হয় বাগদিপাড়া গণপাঠশালা। সেই থেকে ওই পাঠশালায় শিক্ষাবঞ্চিত হতদরিদ্র শিশুরা পড়ালেখা করে আসছে। পাঠশালাটিতে বর্তমানে চারজন শিক্ষিকা ও ২০০ জন শিক্ষার্থী রয়েছে। এদিকে টাকার দাবিতে সুবল চন্দ্র রায় পাঠশালাটি দখল করে তাঁর পরিবার নিয়ে বসবাস করছেন। ফলে এক মাস ধরে শিশুদের পাঠদান বন্ধ রয়েছে।
পাঠশালার শিক্ষিকা দিলারা খাতুন বলেন, ‘পাঠশালার জমিদাতা সুবল চন্দ্র রায় আমাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় অফিস ও শ্রেণিকক্ষে তালা দিয়েছেন। এর পর থেকে শিশুদের পাঠদান বন্ধ রয়েছে। বিষয়টি আমরা পাঠশালার ট্রাস্টি বোর্ডকে জানিয়েছি।’
আরেক শিক্ষিকা মুন্নি সাহা বলেন, সুবল চন্দ্র রায় ও বৈদ্যনাথ রায় প্রতিষ্ঠাকালীন সময়ে নিঃশর্তভাবে পাঠশালার নামে জমি দান করেছিলেন। এখন তাঁরা আবার টাকা দাবি করছেন। এ সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি।
তবে সুবল চন্দ্র রায় জানান, পাঠশালাটি প্রতিষ্ঠার পর থেকে জায়গা ও ঘর ভাড়ার টাকা বাকি রয়েছে। টাকা পরিশোধ না করায় ঘরের দখল নেওয়া হয়েছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কপিল উদ্দিন বলেন, প্রতিবছরের মতো ওই পাঠশালার শিক্ষার্থীদের জন্য সরকারি পাঠ্যবই সরবরাহ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। কিন্তু ওই পাঠশালা বন্ধের বিষয়টি কেউ বলেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’