ধুনটে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজাউল করিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে কিশোরীর মা বাদী হয়েছে থানায় মামলা করেছেন। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলা কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপতা গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে গত মঙ্গলবার সকালে দিনমজুরের কাজ নিয়েছিলেন রেজাউল করিম। ওই বাড়িতে ঝিয়ের কাজ করেন কিশোরীর মা। তিনি তাঁর প্রতিবন্ধী মেয়েকে ওই বাড়িতে নিয়ে যান। কিশোরীর মা মেয়েকে এ বাড়িতে রেখে পরিবারের অন্য ছেলেমেয়েদের খোঁজ নিতে বাড়িতে যান। এই সুযোগে অভিযুক্ত ধর্ষক প্রতিবন্ধী কিশোরীকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
বাড়ির মালিক নূর মোহাম্মদ বলেন, তিনি ও তাঁর স্ত্রী বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তিকে আটক করে ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখেন। একপর্যায়ে রেজাউল করিম ঘরের বেড়া ভেঙে পালিয়ে যান। বিষয়টি এলাকার মাতব্বরেরা দুই দিন ধরে আপস-মীমাংসার চেষ্টা করেন। কিন্তু রেজাউল করিম সালিস বৈঠকে হাজির হননি। আজ সকালে কিশোরীর মা বাদী হয়ে রেজাউল করিমের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে রেজাউল করিম পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম নামের একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।