ধুনটে বস্তাবন্দী স্কুলছাত্র উদ্ধার
বগুড়ার ধুনট উপজেলায় গতকাল রোববার ভোরে হাত-পা ও মুখ বাঁধা বস্তাবন্দী অবস্থায় ইউসুব আলী নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।
ইউসুব আলী উপজেলার মাঠপাড়া গ্রামের সাকায়াত হোসেনের ছেলে। ইউসুব ধুনট পাইলট উচ্চবিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।
ইউসুবের বড় ভাই আবদুস ছালাম জানান, শনিবার রাতে ইউসুব ধুনট-শেরপুর রোডের মাঠপাড়া গ্রামের তিন মাথা বাজারের নিজেদের মুদি দোকানে ঘুমিয়ে ছিল। রাতে দুর্বৃত্তরা তাকে দোকান থেকে বের করে হাত-পা ও মুখ বেঁধে বস্তাবন্দী করে ধুনট-শেরপুর সড়কের পাশে একটি শুকনা খাদের মধ্যে ফেলে রেখে চলে যায়।
দোকানের পাশের বাড়ির স্কুলশিক্ষক ফিরোজুল ইসলাম বলেন, ‘গতকাল ভোর আনুমানিক পাঁচটার দিকে আমি ঘুমে থাকা অবস্থায় মানুষের কান্নার শব্দ শুনতে পাই। পরে আমরা কয়েকজন এগিয়ে যাই। এ সময় রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখি। পরে বস্তার মুখ খুলে ইউসুব আলীকে উদ্ধার করি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ হাসান জানান, ইউসুব আলীর হাত-পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চেতনা না ফেরা পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।