ধুনটে বাজারের জায়গায় অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর হাটে আওয়ামী লীগের নেতারা সরকারি জায়গায় অবৈধভাবে পাকা দোকানঘর নির্মাণ করছেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, মথুরাপুর হাটে প্রায় ছয় একর সরকারি জায়গা রয়েছে। স্থানীয় লোকজন ওই জায়গায় অস্থায়ী ঘর নির্মাণ করে ও খোলাবাজারে ব্যবসা করছেন। দুই মাস আগে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আল হেলালসহ কয়েকজন নেতা জেলা প্রশাসন থেকে হাটের জায়গায় ৩৮টি অস্থায়ী ঘর নির্মাণের অনুমতি নেন। কিন্তু সেখানে ১২ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের ৩৮টি পাকা দোকানঘর নির্মাণ শুরু করেন। প্রতিটি দোকান বরাদ্দ দিয়ে দুই থেকে আড়াই লাখ টাকা আদায় করা হচ্ছে।
খোলাবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতারা তাঁদের অস্থায়ী ঘরগুলো ভেঙে পাকা অবকাঠামো করছেন। ফলে তাঁরা বেকার হয়ে পড়েছেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য হাটের সাবেক ইজারাদার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ১২ মে লিখিত অভিযোগ দিয়েছেন।
মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বলেন, গুটি কয়েক নেতা দলের নাম ভেঙে হাটের জায়গায় মার্কেট নির্মাণ করে নিজেরা লাভবান হচ্ছেন। এ ছাড়া তাঁরা গাছ কেটে হাটের পরিবেশও নষ্ট করছেন।
এ বিষয়ে গোলাম মর্তুজা কোনো কথা বলতে চাননি। আল হেলাল বলেন, জেলা প্রশাসকের কাছ থেকে ৩৮টি ঘর নির্মাণের অনুমতি নেওয়া হয়েছে। দোকানঘর নির্মাণের সমস্যার জন্য গাছের ডাল কাটা হয়েছে। গাছ কাটা হয়নি। অনেকে ঘর না পেয়ে মিথ্যা অভিযোগ দিচ্ছেন।
বদলি হওয়া ইউএনও হাফিজুর রহমান বলেন, মথুরাপুর হাটের খোলা জায়গায় অস্থায়ীভাবে ঘর নির্মাণের অনুমতি ছিল। স্থায়ী অবকাঠামো নির্মাণ ও গাছ কাটার কোনো অনুমতি ছিল না। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তিনি বদলি হওয়ার পর অবৈধভাবে ঘর নির্মাণ চলছে।
ভারপ্রাপ্ত ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, ‘মথুরাপুর হাটের জায়গায় মার্কেট নির্মাণ ও গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’