ধুনটে বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চুকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
ধুনট থানা সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ চলাকালে গত বছর ১৯ জানুয়ারি ধুনট-শেরপুর রোডের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার চেষ্টা করে পিকেটাররা। এ সময় বাধা দিলে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে আহত করেন। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলাসহ মোট পাঁচটি মামলা হয়। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল দুপুরে ধুনট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) পি এন সরকার বলেন, বিএনপির নেতা মোখফিজুর রহমানকে বেলা তিনটার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।