
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এক নেতার খামারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে শতাধিক টার্কি বার্ড কুপিয়ে হত্যা করেছে। এ ছাড়া তারা অর্ধশত টার্কি বার্ডসহ প্রায় দেড় শ ব্রয়লার মুরগি কুপিয়ে জখম করেছে। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে এলাঙ্গী বাজার এলাকার প্রান্ত পোলট্রি খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রায় পাঁচ-ছয় বছর আগে এলাঙ্গী বাজারে একটি পোলট্রি খামার গড়ে তোলেন। সেখানে টার্কি বার্ড, সোনালি ও ব্রয়লার মুরগি পালেন। তাঁর খামারে টার্কি বার্ডসহ পাঁচ শতাধিক মুরগি ছিল। শনিবার দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা খামারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শতাধিক টার্কি বার্ড কুপিয়ে হত্যা, অর্ধশতাধিক টার্কি বার্ড ও দেড় শ ব্রয়লার মুরগি কুপিয়ে জখম করেছে। এ ছাড়া তারা শতাধিক ব্রয়লার মুরগি লুট করে নিয়ে গেছে।
আতাউর রহমান বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতেও খামারে দুজন লোক পাহারায় ছিলেন। তাঁরা রাত দুইটার দিকে ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা খামারে ঢুকে এ ঘটনা ঘটায়। তাঁর ধারণা, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ধরনের ঘটনার কথা জানা গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।