ধুনটে বিয়ে নিবন্ধনকারীকে কুপিয়ে হত্যা
বগুড়ার ধুনট উপজেলায় মতিউর রহমান (৪০) নামের এক বিয়ে নিবন্ধনকারীকে (কাজি) দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাঁকে ভোঁতা কোনো কিছু দিয়ে পেটানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
মতিউর রহমানের বাড়ি বলারবাড়ি গ্রামে। তিনি গোপালনগর ইউনিয়নের বিয়ে নিবন্ধনকারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মতিউর রহমান রমজানের প্রথম দিন থেকে গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি বাজারের জামে মসজিদের মুসল্লিদের তারাবির নামাজ পড়াতেন। তিনি অনেক দিন ধরেই ওই মসজিদে ইমামতি করতেন। প্রতিদিনের মতো গতকাল রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ আদায় করে বানিয়াগাতি বাজার থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন মতিউর। পথে বানিয়াগাতি ও বলাবাড়ির মধ্যেকার ফাঁকা রাস্তায় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে।
এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মর্জিনা খাতুন থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর ভাষ্য, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ নিতে গ্রামবাসীর সঙ্গে তাঁর স্বামীর বিরোধ চলছে। এর জেরেই স্বামীকে হত্যা করা হতে পারে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পঞ্চনন্দ সরকারের ভাষ্য, মতিউর রহমানের লাশ সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা ও অধিক তদন্ত না করে এই হত্যাকাণ্ডের কারণ সঠিকভাবে বলা সম্ভব না।