ধুনটে ব্যবসায়ীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা বাজারের এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
গত শনিবার রাতে কয়েকজন যুবক অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে নিয়ে যায়।
ওই ব্যবসায়ীর নাম রিপন হোসেন (২৭)। তিনি উপজেলার শিয়ালী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও ব্যবসায়ীর পরিবারের সদস্যরা বলেন, রিপন প্রায় ছয় বছর ধরে গ্রামের পাশে সোনাহাটা বাজারে মনিহারি ব্যবসা করছেন। গত শনিবার রাত আটটার দিকে তিনি দোকান বন্ধ করে ওষুধ কেনার জন্য পাশের এক ফার্মেসিতে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ফার্মেসির মালিক জাহাঙ্গীর আলম বলেন, প্রথম দিকে দুই যুবক দোকানের ভেতরে এসে শাটার নামিয়ে দিয়ে রিপনকে আটক করেন। মুহূর্তের মধ্যে দোকানের সামনে একটি অটোরিকশা এসে দাঁড়ায়। ওই অটোরিকশার ভেতরে চালকসহ আরও তিনজন যুবক বসে ছিলেন। পরে তাঁরা রিপনকে অটোরিকশায় তুলে নিয়ে যান। রিপনের ছোট ভাই মানিক মিয়া বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পিএন সরকার বলেন, সোনাহাটা বাজার থেকে রিপন নামে একজন ব্যবসায়ী নিখোঁজ হওয়ার কথা জানা গেছে। এ বিষয়ে মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।