ধুনটে ভোট কারচুপি, কেন্দ্র দখল

বগুড়ার ধুনটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে মারধর, কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ছাড়া পাঁচটি বোমা, চারটি ককটেল উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১০টি রাবার বুলেট নিক্ষেপ করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকাল আটটা থেকে বগুড়ার ধুনটে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের মারধর করে ব্যালট পেপার ছিনাতাইসহ বিভিন্ন ধরনের সহিংস ঘটনা ঘটে। এর মধ্যে দুপুর ১২টার দিকে নিমগাছি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আজমল হক তাঁর কর্মী বাহিনী দিয়ে সোনাহাটা কলেজ কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার চেষ্টা চালান। এতে পুলিশ বাধা দিলে আজমল হকের কর্মীরা শেরপুর থানার এসআই জিয়াউর রহমানকে পিটিয়ে আহত করেন। এ সময় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।
এদিকে বেলা একটার দিকে চিকাশি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন জোড়শিমুল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তিন শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে। বাধা দিতে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তা নিরেশ চন্দ্রসহ তিনজন আহত হন। এ সময় বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে। পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ দুটি রাবার বুলেট নিক্ষেপ করে।
এর আগে একই ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থীর লোকজন গজারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এখানে পুলিশ একটি রাবার বুলেট নিক্ষেপ করে। এ ছাড়া চিকাশি ইউনিয়নের ঝিনাই ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দেন।
অন্যদিকে মথুরাপুর ইউনিয়নের সামগাতি কেন্দ্রে জাল ভোট দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে সাতটি গুলি ছোড়ে। গোপালনগর ইউনিয়নে বাঁশপাতার কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। সদর ইউনিয়নের বেলকুচি কেন্দ্রের পাশে আব্দুল আজিজের বাড়ির খড়ের গাঁদার ভেতর থেকে পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।
গোসাইবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ী কেন্দ্র থেকে চারটি ককটেল, ধারালো অস্ত্রসহ আহম্মেদ মুসা সৈকতকে (২০) গ্রেপ্তার করে বিস্ফোরক আইনে মামলা দিয়ে গতকাল সকালে কারাগারে পাঠানো হয়েছে।
চিকাশি ইউনিয়নের বিএনপির প্রার্থী সামছুজ্জোহা বেলাল বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী ক্যাডার বাহিনী দিয়ে ব্যালট পেপার ছিনতাই করে এবং আমার এজেন্টেদের বের করে দিয়ে কেন্দ্র দখলে নিয়ে জাল ভোট দিয়েছেন। আমাকে কোনো কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।’
নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুজাউদ্দৌলা বলেন, আওয়ামী লীগের প্রার্থী আজমল হক পুলিশকে মারপিট করে সোনাহাটা কলেজ কেন্দ্র দখলে নিয়ে জাল ভোট দিয়েছেন।
তবে এ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আজমল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রশাসন বিদ্রোহী প্রার্থীর মিথ্যা অভিযোগে আমার লোকজনকে মারপিট করেছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুনজুরুল হাসানের দাবি, বিছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। বিচ্ছিন্ন কিছু সহিংসতা হলেও খবর পাওয়ামাত্রই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিচ্ছিন্ন ঘটনার খবর জানার পরই তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে ১০টি রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। বেলকুচি কেন্দ্র থেকে পাঁচটি পেট্রলবোমা উদ্ধার এবং খোকশাবাড়ী কেন্দ্র থেকে চারটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করে বিস্ফোরক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।