ধুনটে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলায় নেশা করার জন্য টাকা না পেয়ে রাজু আহম্মেদ নামের মাদকাসক্ত এক যুবক স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ রোজিনা খাতুনকে (২৪) ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, ধুনটের রুদ্রবাড়িয়া গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে রোজিনার সঙ্গে প্রায় পাঁচ বছর আগে আড়াই লাখ টাকা যৌতুকের বিনিময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের সোহরাব আলীর ছেলে রাজুর বিয়ে হয়। তাঁদের একটি তিন বছরের সন্তানও আছে। মাদকাসক্ত রাজু নেশার টাকার জন্য রোজিনাকে প্রায়ই মারধর ও নির্যাতন করতেন। একপর্যায়ে রোজিনা স্বামীর নির্যাতন সইতে না পেরে প্রায় এক মাস আগে বাবার বাড়ি চলে আসেন। রাজুও গত সোমবার রাতে শ্বশুরবাড়িতে আসেন। রাতেই তিনি রোজিনাকে নিজ বাড়িতে ফিরে যেতে চাপ সৃষ্টি করেন। এতে রোজিনা রাজি না হলে রাজু তাঁকে পিটিয়ে আহত করেন। আহত রোজিনাকে পরিবারের লোকজন উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসাধীন গৃহবধূ রোজিনা বলেন, বিয়ের আগে থেকেই রাজু মাদকাসক্ত ছিল।
তবে অভিযুক্ত রাজু মাদক সেবন ও টাকার জন্য স্ত্রীকে মারধরের কথা অস্বীকার করেছেন। কিন্তু ঘটনা সম্পর্কে অন্য কিছু বলতেও তিনি সম্মত হননি।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্নিগ্ধা রায় বলেন, রোজিনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘নারী নির্যাতনের ঘটনাটি আমাকে কেউ বলেনি। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’