ধুনটে যমুনা থেকে বালু উত্তোলনের অভিযোগ
বগুড়ার ধুনটে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে যুবলীগ নেতার বিরুদ্ধে যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বালু উত্তোলন বন্ধ করতে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজন ও মুক্তিযোদ্ধাদের অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের অর্থে উপজেলার যমুনা নদীর ভাঙনরোধে শহড়াবাড়ী গ্রামের কাছে ক্ষতিগ্রস্ত বাঁধে মেরামতের কাজ চলছে। বগুড়ার ঠিকাদার এ কে এম বজলার রহমানকে বাঁধ মেরামত কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বাঁধ মেরামতের অন্য কাজগুলো করলেও বাঁধের পাশ দিয়ে গর্ত ভরাটের জন্য গোশাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সদস্য ইস্তেনুর রহমানকে দায়িত্ব দিয়েছেন। বিধিমতে অন্য স্থান থেকে মাটি এনে গর্ত ভরাটের কথা। কিন্তু যুবলীগ নেতা এ কাজ না করে কয়েক দিন ধরে বাঁধের ২০০ গজ পাশে যমুনা নদী থেকে চারটি যন্ত্রচালিত ড্রেজার মেশিন দিয়ে গভীর থেকে বালু উত্তোলন করে ভরাটকাজ করছেন।
বালু তোলার কারণে বর্ষার সময় নদীর গভীরতা বৃদ্ধি পেয়ে বাঁধ ভাঙনের আশঙ্কা রয়েছে। এ আশঙ্কায় ধুনট উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে শহড়াবাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমানের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ইউএনও শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে বালু উত্তোলন বন্ধ করতে নির্দেশ দেন। কিন্তু যুবলীগের নেতা নির্দেশ উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন।
শহড়াবাড়ী গ্রামের আবুল কাশেম (৬০) বলেন, বাঁধ মেরামতে ঠিকাদারের অন্য স্থান থেকে মাটি এনে গর্ত ভরাটের কথা। কিন্তু ঠিকাদার এই কাজটি নিজে না করে স্থানীয় যুবলীগের নেতাকে দায়িত্ব দিয়েছেন। তিনি তাঁর ক্ষমতাবলে বাঁধের পাশ থেকে বালু তুলে গর্ত ভরাট করছেন। এতে বর্ষার সময় নদীর গভীরতার সৃষ্টি হয়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ঠিকাদার এ কে এম বজলার রহমান বলেন, ‘গর্ত ভরাটের জন্য ইস্তেনুর রহমান আমার কাছ থেকে চুক্তি নিয়েছে। সে কীভাবে গর্ত ভরাট করবে, সেটা তার বিষয়।’
ইস্তেনুর রহমান বলেন, ‘দল করতে এসে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। মাটি দিয়ে বাঁধের পাশে গর্ত ভরাটের জন্য ঠিকাদারের কাছ থেকে চুক্তি নিয়েছি। অন্য স্থানে মাটি না পাওয়ায় নদী থেকে বালু তুলে গর্ত ভরাট করছি। এতে বাঁধের ক্ষতির আশঙ্কা নেই।’
বগুড়া পানি উন্নন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব বলেন, যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কোনো অনুমতি নেই। খোঁজ নিয়ে বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে মেশিন বন্ধ করতে বলেছি। বন্ধ করা না হলে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’