ধুনটে যমুনার তীর সংরক্ষণকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজে চাঁদা দাবির অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। এতে গত শুক্রবার দুপুর থেকে প্রকল্পের জন্য তৈরি করা বোল্ডার পরিবহন বন্ধ রয়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উপজেলা বড়ইতলী নৌঘাট এলাকায় ৪০০ মিটার যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প কাজের বোল্ডার তৈরির জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান শাহারিয়া কনস্ট্রাকশন ফুলবাড়ী, বগুড়া এ কাজ পায়। আগামী এপ্রিলের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে। এ কাজের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি শহড়াবাড়ী যমুনার তীরে এক বছর ধরে প্রায় দেড় লাখ পিস বোল্ডার তৈরি করেছে। চার দিন ধরে সেখান থেকে বোল্ডারগুলো ট্রাকে করে প্রকল্প এলাকায় নিয়ে যাচ্ছিল। কিন্তু শুক্রবার ছাত্রলীগ নেতা আবু সালেহ তাঁর সহযোগীদের নিয়ে চাঁদা দাবি করেন। তাঁর দাবি না মানায় ওই দিন দুপুর থেকে বোল্ডার পরিবহনের কাজ বন্ধ রয়েছে।
গতকাল শনিবার জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মাসুম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘গত বছর কাজের শুরু থেকেই আবু সালেহকে প্রতিদিন ২০০ টাকা করে হাত খরচা দিতে হয়েছে। এ ছাড়া মামলার হাজিরা ও বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে তিনি আমার প্রতিষ্ঠান থেকে অনেক টাকা নিয়েছেন। শুক্রবার দলবল নিয়ে এসে কারখানা থেকে প্রকল্প এলাকায় বোল্ডার নিতে শতকরা চার টাকা করে চাঁদা (কমিশন) দাবি করেন। এই টাকা না দেওয়ায় বোল্ডার পরিবহনের ট্রাক চলতে দিচ্ছেন না এবং শ্রমিকদের কাজ করতে বাধা সৃষ্টি করছেন। এতে দুই দিন ধরে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। শ্রমিকদের বসিয়ে রেখে দিন হাজিরার টাকা দিতে হচ্ছে।’
তবে চাঁদা দাবির এই অভিযোগ অস্বীকার করে আবু সালেহ বলেন, ‘দলের কর্মীদের চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়। তাই কাজের শুরু থেকে ঠিকাদারের কাছে কিছু অর্থ সহযোগিতা চাওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদার আমাদের কোনো সহযোগিতা করেননি। শেষ পর্যন্ত বোল্ডারগুলো পরিবহন কাজের সাব-ঠিকাদারি চেয়েছিলাম আমরা। তারা সেটাও দেয়নি। তাই ছাত্রলীগ নেতা-কর্মীদের সিদ্ধান্তে বোল্ডার নিয়ে যাওয়ার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’
বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘বোল্ডার পরিবহনের কাজে বাধা দেওয়ার কথা ঠিকাদার আমাকে বলেছেন। আমি তাঁদের বিষয়টি সমাধান করতে বলেছি। তবে তাঁরা কাজ বন্ধ করে দিয়েছেন, সেটা আমাকে আর জানানো হয়নি। এ বিষয়ে শিগগিরই খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’