ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট পৌরসভায় এক মুদিদোকানির বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার ওই ছাত্রীর মা ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, ছয় বছরের শিশুটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার বিদ্যালয়ে লেখাপড়া করে। বিদ্যালয়ের পাশে ওই ব্যবসায়ীর মুদিদোকান। ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর শিশুটি চিপস কেনার জন্য ওই দোকানে যায়। দোকানে অন্য কোনো ক্রেতা ছিল না। এ সুযোগে চিপস দেওয়ার কথা বলে শিশুটিকে ভেতরে নিয়ে ওই ব্যবসায়ী ধর্ষণের চেষ্টা চালান। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। পরে এ বিষয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। তবে গতকাল শিশুটির মা ওই ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
শিশুটির মা বলেন, ‘গ্রামের মাতবরদের চাপের মুখে আপস করেছিলাম। তাঁদের বিচার মানি না। তাই থানায় অভিযোগ করেছি।’
ওই সালিসে উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক বসলে ব্যবসায়ী ভুল স্বীকার করে মেয়ের বাবার হাত-পা ধরে ক্ষমা চেয়েছিলেন। তখন মেয়ের বাবা ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীকে মারধর করেছিলেন। তখন বিষয়টি মিটে গিয়েছিল। এখন মেয়েটির মা থানায় অভিযোগ করেছেন।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীর বিরুদ্ধে মেয়েটির মা লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।