বগুড়ার ধুনট উপজেলায় গত সোমবার স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্ত্রী ছনিয়া খাতুনের শ্বশুরসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানী সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর ধুনটের গুয়াডহরী গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ছনিয়া খাতুনের সঙ্গে একই গ্রামের তোজাম্মেল হকের ছেলে আল-আমিনের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান আছে। এক বছর আগে ছনিয়া খাতুনের অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন আল-আমিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়। ছয় মাস আগে বাবার বাড়িতে চলে যান ছনিয়া। সে সময় আল-আমিন ছনিয়ার বিরুদ্ধে চুরির অভিযোগে বগুড়া আদালতে একটি মামলা করেন। সোমবার সকাল ১০টার দিকে ছনিয়া তাঁর বাবার সঙ্গে বাড়ি থেকে আদালতের উদ্দেশে বের হন। বাড়ির কাছে ছোটদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় আল-আমিন ও তাঁর লোকজন আমজাদ হোসেনকে মারপিট করে ছনিয়াকে তুলে নিয়ে যান। সোমবার রাতেই আমজাদ হোসেন বাদী হয়ে আল-আমিন ও তাঁর বাবাসহ সাতজনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। রাতেই পুলিশ আল-আমিনের বাবা তোজাম্মেল হক (৬০) ও ফুফা রেজাউল করিমকে (৫০) গ্রেপ্তার করে।