ধুনটে সংঘর্ষে আ.লীগের দুই নেতাসহ আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষে আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাসহ আটজন আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল ও ছোট চাপড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে এক পক্ষে রয়েছেন উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোড়শিমুল গ্রামের কামরুজ্জামান কাজল (৪৭), ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামসহ (৫০) আরও তিনজন। অন্য পক্ষে ছোট চাপড়া গ্রামের তিন কৃষক। আহত মোট আট জনের মধ্যে পাঁচজনকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের সঙ্গে একই ইউনিয়নের ছোট চাপড়া গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক আনারুল ইসলাম মাজেদের ১৪ শতক জমি নিয়ে বিরোধ চলছে। জমি ছিল কামরুজ্জামানের দখলে। গতকাল সকালে কামরুজ্জামান জমিতে গেলে আনারুল ও তাঁর লোকজন তাঁকে কোপায়। কামরুজ্জামানের চিৎকারে তাঁর পক্ষের কয়েকজন ছুটে গেলে প্রতিপক্ষের হামলায় রফিকুলসহ চারজন আহত হন। কামরুজ্জামানের লোকজন পরে সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে আনারুলের পক্ষের তিনজন আহত হন।
আনারুল ইসলাম বলেন, ‘কামরুজ্জামান আমার ১৪ শতক জমি জোর করে দখলের চেষ্টা করছেন। গতকালও কামরুজ্জামান লোকজন নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালান। এ সময় আমরা বাধা দিলে মারপিট হয়।’
সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা বলেন, ‘কামরুজ্জামান নিজের দখলি জমি চাষ করতে গেলে আনারুলের লোকজন আমার দলের পাঁচজনকে কোপায়।’