ধুনটে সন্তানকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
বগুড়ার ধুনটে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মমতাজুর রহমান (৬৫) প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পল্লী বিদ্যুতের নতুন দেওয়া সংযোগের টাকা তোলা নিয়ে বিরোধের জের ধরে গতকাল বুধবার দুপুরে রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ নিতে গ্রামের ঈমান আলী ও আবদুল মজিদ গ্রামবাসীর কাছ থেকে টাকা তোলেন। কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মমতাজ উদ্দীন বিদ্যুতের সংযোগ নিতে চাঁদা দিতে অস্বীকার করেন। এতে ঈমান আলী ও আবদুল মজিদপক্ষের সঙ্গে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে গতকাল বেলা একটার দিকে মমতাজ উদ্দীনের ছেলে ময়নুল করিমের (৩২) সঙ্গে তাঁদের বাড়ির পাশেই ঈমান আলী ও আবদুল মজিদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ঈমান আলী ও আবদুল মজিদসহ তাঁদের সঙ্গে থাকা কয়েক যুবক ময়নুলকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন এবং বাড়িঘরে ভাঙচুর চালান। এ সময় ছেলেকে বাঁচাতে মমতাজ উদ্দীন ছুটে এলে প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনিও আহত হন। আহত মমতাজ উদ্দীনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। এ ছাড়া প্রতিপক্ষের হামলায় মমতাজ উদ্দীনের স্ত্রী ফাতেমা খাতুন (৬০), ছেলে ময়নুল, ময়নুলের স্ত্রী নাজমা (৩০), ছোট ছেলে রবিউল হাসান (২৯) ও তাঁর স্ত্রী শিউলিসহ (২৫) পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ময়নুলকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মমতাজ উদ্দীনের ছেলে আহত ময়নুল বলেন, গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের জন্য ঈমান আলী ও আবদুল মজিদ চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় বিরোধ দেখা দেয়। এরই জের ধরে রাস্তায় বৃষ্টির পানি নিষ্কাশনের মিথ্যা অভিযোগে হামলা চালায়।
ঘটনার পর থেকে ঈমান আলী, আবদুল মজিদসহ হামলাকারী অন্য যুবকেরা পলাতক।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অঙ্কিতা রব বলেন, নিহত মমতাজ উদ্দীনের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু ডান হাতের বুড়ো আঙুলে ধারালো অস্ত্রের একটি কাটা চিহ্ন রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মমতাজ উদ্দীনের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।